বিএনপির নেতার মুক্তির দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের মুক্তি এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল হাশেমসহ ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে নগর পুলিশের কমিশনারকে স্মারকলিপি দিয়েছে বিএনপি। গতকাল বুধবার এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অবিলম্বে গ্রেপ্তার হওয়া নেতার মুক্তি দাবি করা হয়। এতে বলা হয়, গণতন্ত্রকে সুসংহত করতে হলে সভা-সমাবেশের অধিকার খর্ব করা যাবে না। রাজনৈতিক সহনশীলতা বজায় রাখাও সবার দায়িত্ব। স্মারকলিপিতে এ ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতারা স্মারকলিপি দিতে গতকাল সকালে পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমানসহ নগর বিএনপির আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।