বিএনপির নেতার হাত-পায়ের ও ছাত্রলীগ নেতার হাতের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় গতকাল সোমবার কামরুল ইসলাম নামের বিএনপির এক নেতার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

একই উপজেলার শিবগঞ্জ বাজারে একদল দুর্বৃত্ত পিটিয়ে জাসদের নেতা আনোয়ারুল হকের পা ভেঙে দিয়েছে। একই দিন অবরোধকারীরা লক্ষ্মীপুর কমার্স কলেজ শাখা ছাত্রলীগের এক নেতার হাতের রগ কেটে দিয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত কানসাট এলাকায় কামরুল ইসলামের (৩৮) ওপর হামলা চালায় এবং তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আজিজুল হক জানান, দুর্বৃত্তরা কামরুলের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা সংকটাপন্ন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিঞা জানান, কামরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি লাওঘাটা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।

 শিবগঞ্জ উপজেলা জাসদের সভাপতি আবু বাক্কার জানান, রাত সোয়া সাতটার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা শিবগঞ্জ বাজারে আনোয়ারুল হকের (৩৮) ওপর হামলা চালায়। তারা রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ভেঙে দিয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম জানান, আনোয়ারুলের পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত রেজা জানান, এই হামলার ব্যাপারে পুলিশ কিছু জানে না।

আনোয়ারুল জাসদের শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য ও শিবগঞ্জ বণিক সমিতির সহসভাপতি।

 একদল দুর্বৃত্ত গতকাল রাতে লক্ষ্মীপুর পৌরসভার কাচারিবাড়ী এলাকায় লক্ষ্মীপুর কমার্স কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ওরফে মিঠুর (১৯) ওপর হামলা চালায়। এ সময় তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।

জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল ওরফে রিপন জানান, রাত সাতটার দিকে মিঠু সদর উপজেলার লামচরী গ্রাম নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে লক্ষ্মীপুর পৌরসভার কাচারিবাড়ী এলাকায় পৌঁছলে অবরোধকারীরা তাঁকে কুপিয়ে আহত করে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। মিঠু লামচরী গ্রামের বাহারুল ইসলামের ছেলে।

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কমলাশীষ জানান, আহত মিঠুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে। তাঁর বাঁ হাতের দুটি রগ কাটা গেছে।