বিএনপির নেতার হাতে ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত
কৃষি ব্যাংক বরগুনার পাথরঘাটা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেনকে বিএনপির স্থানীয় এক নেতা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রোববার রাতে সরোয়ার হোসেন পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, সরোয়ার হোসেন বদলি হয়ে রোববার সকাল ১০টার দিকে কৃষি ব্যাংকের পাথরঘাটা শাখায় যোগদান করেন। অফিস শেষে সন্ধ্যা সাতটার দিকে ব্যাংক কার্যালয় থেকে বের হলে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তাঁকে মারধর করেন। সরোয়ার হোসেন বলেন, ব্যাংক কার্যালয়ের নিচতলার প্রবেশপথে এ ঘটনা ঘটে। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় তিনি জড়িত নন। পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম এফ হাবিবুর রহমান বলেন, ঘটনাটি তাঁরা জেনেছেন। এ ঘটনায় কী করণীয়, তা ঠিক করতে আগামীকাল (আজ ) তাঁরা বৈঠকে বসবেন। পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, সরোয়ার হোসেনের করা অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।