বিএনপির নেতারা জঙ্গিদের উসকানি দিচ্ছেন: নাসিম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা জঙ্গিদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, কোনো দেশে জঙ্গিদের বিরুদ্ধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পদক্ষেপ নেয়, তখন তাদের সহায়তা করতে হয়, সাহস দিতে হয়। কিন্তু বিএনপি জঙ্গিদের উসকানি দিচ্ছে। বিএনপির নেতারা যেসব কথা বলছেন, তা দুঃখজনক। জঙ্গিবাদের প্রতি তাঁদের দরদ এসব বক্তব্যে প্রকাশ পাচ্ছে।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাসিম এসব কথা বলেন।
জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রয়োজন কি না, সাংবাদিকদের এ প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দেশপ্রেমিক জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আর এ বিষয়ে কাউকে আহ্বান জানানোর কিছু নেই।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা পরে প্রথম আলোকে বলেন, ১৪ দলের শরিক দলের অন্তত তিনজন নেতা আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, শিক্ষিত তরুণ-তরুণীরা যেভাবে আত্মঘাতী হচ্ছে, তা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে ঠেকানো যাবে না। এর জন্য জনমত গঠন করতে হবে। একজন নেতা জঙ্গিবাদ বিষয়ে ১৪ দলের একটি বিশেষ বৈঠক করার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর সম্পর্কে জানতে চাইলে নাসিম বলেন, অতীতের মতো এবারও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও দৃঢ় হবে।
কর্মসূচি
সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম ১৪ দলের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়তে ১৪ দল জনসংযোগ ও সমাবেশ করবে। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ বেলা ১১টায় মিরপুর বধ্যভূমিতে ও ৩০ মার্চ বেলা দুইটায় যশোরের চুকনগরে সমাবেশ করা হবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান, আফজাল হোসেন, আমিনুল ইসলাম ও বিপ্লব বড়ুয়া; জাসদের একাংশের শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান ও মইন উদ্দিন খান বাদল; জাসদের আরেক অংশের শিরীন আখতার, জেপির শেখ শহিদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল প্রমুখ।
কুমিল্লার নির্বাচনে প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানার পক্ষে প্রচারণা চালাতে দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী বৃহস্পতিবার সকালে কুমিল্লার উদ্দেশে রওনা হবে।