বিএনপির নেতাসহ চারজন নিহত
ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতাসহ চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: রানীশংকৈল উপজেলার রানীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কের খুটিয়াটুলী এলাকায় গতকাল দুপুরে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রানীশংকৈল থেকে তিন আরোহী একটি মোটরসাইকেলে চড়ে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে খুটিয়াটুলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন উপজেলার বটতলা গ্রামের ইয়াকুব আলী (২৫) ও একই উপজেলার নয়াবন্দর মহারাজা গ্রামের ইসমাইল হোসেন (২৬)।
সিরাজগঞ্জ: বেলা ১১টার দিকে সদর উপজেলার কান্দাপাড়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধাকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল (জয়পুরহাট): উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আ ফ ম হামিদুল হক জয়পুরহাট এলজিইডি ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি হজে যাবেন বলে কাপড় কিনতে জয়পুরহাট যাচ্ছিলেন। হামিদুল উপজেলার বুড়াইল ডিএস ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।