বিএনপির নেতাসহ দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘরসহ মন্দিরে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর রশিদসহ দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যজন হলেন একই ইউনিয়নের বাসিন্দা বেলাল হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, আদালতে আসামিদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। গত বৃহস্পতিবার রিমান্ডের আবেদনের শুনানি শেষে আদালত আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুই দিন সরকারি ছুটি থাকায় রিমান্ডে নেওয়া যায়নি।গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ওই দিন রাজগঞ্জ বাজার এবং পার্শ্ববর্তী টঙ্গীরপাড় ও আলাদীনগর গ্রামে হিন্দুদের বাড়িঘরসহ মন্দিরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার লোককে আসামি করে একটি মামলা করেন।