লালমনিরহাটের খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার হরতালে হামলার ঘটনায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ ১৭ জনের নাম উল্লেখ করে মোট ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।লালমনিরহাট সদর থানায় বৃহস্পতিবার রাতে দ্রুত বিচার আইনে ওই মামলা করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবদুল হাই। রাতেই মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মো. আশিকুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম, আবদুল মোতালিব ও মো. হারুন অর রশিদ নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে একই দিন হরতাল-সমর্থকদের হামলার শিকার পার্শ্ববর্তী অপর শিক্ষাপ্রতিষ্ঠান খুনিয়াগাছ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, ওই ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যালয় পরিদর্শনে এলে তিনি ওসির কাছে ২১ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে প্রধান শিক্ষক তাঁকে জানিয়েছেন।ওসি মো. জমিরউদ্দিন বলেন, খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় হওয়া মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে ওইসব হামলার ঘটনা ব্যাখ্যা করতে গতকাল শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, হরতালের দিন আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বিদ্যালয়ের পাশে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড পুড়িয়ে ফেলে। হরতাল প্রতিহতের জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী লাঠি, ছোরাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করে। এ সময় হরতাল-সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সন্ত্রাসীদের অস্ত্রের মহড়ায় স্কুলের ছাত্রছাত্রীরা দিগিবদিক ছোটাছুটি করতে গিয়ে তাদের কয়েকজন স্কুলের উঁচু বারান্দা থেকে পড়ে আহত হতে পারে। তিনি এ ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে এবং গ্রেপ্তার করা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনেরও ঘোষণা দেন।