বান্দরবানে ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় জেলা বিএনপি কার্যালয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় আসামি করা হয়েছে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে।
বিএনপির নেতারা অভিযোগ করেছেন, কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কিন্তু মামলার আসামি করা হয়েছে বিএনপি ও জোটের নেতা-কর্মীদের। নেতারা জানান, গ্রেপ্তারের ভয়ে তাঁরা মামলা করতে পারেননি।
পুলিশ সূত্র জানিয়েছে, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার দ্রুত বিচার আইনে মামলাটি করা হয়। একই ঘটনায় এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানিয়েছেন, ৫ জানুয়ারি দলীয় কার্যালয় প্রাঙ্গণে পুলিশের বেষ্টনীতে সমাবেশ করার সময় তাঁদের ওপর হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে দলীয় কার্যালয়। নেতা-কর্মীদের অনেকে আহত হয়েছেন। কেউ পালিয়ে কোনোরকমে প্রাণ রক্ষা করেছেন।
তবে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম চৌধুরী দাবি করেছেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন। এতে দলের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমানসহ অনেকে আহত হয়েছেন। তাঁর দাবি, আওয়ামী লীগ নয় ক্ষতিগ্রস্ত লোকজনই বিএনপির হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।