বিএনপির নেতা-কর্মীসহ ৯০ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান হত্যা মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম ও জেলা যুবদলের সভাপতি আবুল হাসানসহ ৯০ জনের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঘটনার ১৪ মাস পর গতকাল শনিবার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবুল কাসেম জানান, চার তদন্ত কর্মকর্তার হাত ঘুরে গত ১৬ অক্টোবর তিনি মামলাটির দায়িত্ব পান। গতকাল তদন্ত প্রতিবেদন সাতক্ষীরা আদালতের দায়িত্বে থাকা উপপরিদর্শক জিল্লুর রহমানের মাধ্যমে আদালতে জমা দিয়েছেন। তিনি আরও জানান, মামলার এজাহারভুক্ত ৭৬ জন আসামি ছাড়াও তদন্তে আরও ১৪ জনকে অন্তর্ভুক্ত করে ৯০ জন বিএনপি নেতা, কর্মী ও সমর্থকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সাক্ষী করা হয়েছে ৫১ জনকে।
অন্য আসামিদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্যসচিব কামরুজ্জামান, সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ শেখ মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াহেদ মাস্টার, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার, কলারোয়া যুবদলের সভাপতি আবদুর কাদের ও কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেনের নাম রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাকের শিল্পকলা একাডেমী ভবনে তৎকালীন জেলা বিএনপির কর্মিসভা হয়। সভায় সভাপতি হাবিবুল ইসলাম পক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীরা তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতখোর আলী পক্ষের সাধারণ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দা, হাঁসুয়া, রড, হাতুড়ি ও লাঠি নিয়ে নেতা-কর্মীদের মারপিট করে। হামলা চালানো হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলীর ওপর। তাঁকে রক্ষা করতে গেলে জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি আমান উল্লাহ আমানকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হামলায় আরও ১২ জন নেতা-কর্মী ও সমর্থক আহত হন। এ ঘটনায় আমানের মা ফাতেমা খাতুন ঘটনার রাতেই পৃথক এজাহারে ৭৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সাতক্ষীরা আদালতের দায়িত্বে থাকা উপপরিদর্শক জিল্লুর রহমান জানান, আমান হত্যা মামলার অভিযোগপত্র সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে দাখিল করা হয়েছে।