বিএনপির নেতৃত্বে ১৬ দলীয় জোটের ঘোষণা ১৮ এপ্রিল
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারিত হয়ে ‘১৬ দলীয় জোটের’ আনুষ্ঠানিক ঘোষণা আগামী বুধবার। ওই দিন বেলা তিনটায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এই জোটের ঘোষণাপত্র প্রকাশ করবেন। এ জন্য রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একটি মিলনায়তন ভাড়া নেওয়া হয়েছে।ঘোষণাপত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির একটি সূত্র জানায়, সম্প্রসারিত নতুন জোটের ঘোষণাপত্রে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা এবং দেশ শাসনে সরকারের সামগ্রিক ব্যর্থতা ও অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের কোনো অঙ্গীকার থাকছে না।চারদলীয় জোটের একাধিক নেতার সঙ্গে কথা বলে সম্প্রসারিত নতুন জোটের নাম সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে, আগামী বুধবার নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সাড়ম্বর করার লক্ষ্যে বিএনপি ছাড়াও চারদলীয় জোটের শরিক ও সমমনা দলের নেতাদের দাওয়াতপত্র বিলি করা হচ্ছে। দাওয়াতপত্রে এই জোটকে ‘১৬ দলীয় জোট’ বলে উল্লেখ করা হয়।জানতে চাইলে ১৮ এপ্রিল নতুন জোটের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের দাওয়াতপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন ১৬ দলীয় জোটের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘জোটের নাম ও ঘোষণাপত্রে কী কী অঙ্গীকার থাকছে, তা জোটের নেত্রী ঘোষণা করবেন। এ ব্যাপারে এখনই কিছু বলা যাবে না।’বছর খানেক ধরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারণের তৎপরতা চলছিল। সর্বশেষ গত ১২ মার্চ চার দলের মহাসমাবেশে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে এই ‘বৃহত্তর জোটের’ ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু তখন জোটের নামসহ কয়েকটি বিষয়ে মতৈক্য না হওয়ায় তা পিছিয়ে যায় বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।