দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাস্তা অবরোধ করার সময় গতকাল মঙ্গলবার সকালে নগর মহিলা দলের সভানেত্রী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।মনোয়ারা বেগম আগের দিনও (সোমবার) দোষী সাব্যস্ত হন ভ্রাম্যমাণ আদালতে। এ কারণে তাঁর সকাল-সন্ধ্যা কারাদণ্ড হয়। ওই দিন তিনি ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা দিয়েছিলেন। বলেছিলেন, হরতালে আর কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়াবেন না।পুলিশ জানায়, মুচলেকা উপেক্ষা করে মনোয়ারা বেগম রাস্তা অবরোধ করেন এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। এ কারণে পুলিশ তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে। চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জামিন বাতিল হলে গতকাল বিকেলেই তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, মনোয়ারা বেগম ভ্রাম্যমাণ আদালতে সোমবারের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করেন। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।