হরতালে রাস্তা অবরোধ করে গাড়ি পোড়ানোর অভিযোগে করা মামলায় গাজীপুরে বিএনপির নয়জন নেতা-কর্মীকে হাজতে পাঠানো হয়েছে। তাঁদের হাজতে পাঠানোর জন্য গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালত গতকাল বুধবার নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, মামলার আসামিরা হলেন: পূবাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান উদ্দিন, গাজীপুর বারের আইনজীবী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান এবং বিএনপির মজিবুর রহমান, আনোয়ার হোসেন, আবদুল আলিম, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন, ফারুক মিয়া ও আবুল হোসেন। বিএনপির আহ্বানে গত ১৭ মে হরতাল চলাকালে গাজীপুরের টঙ্গী-কালিগঞ্জ সড়কের মাজুখান ব্রিজসংলগ্ন রাস্তায় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় পূবাইল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বাদী হয়ে উল্লিখিত নয় ব্যক্তিসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে জয়দেবপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। আসামিরা হাইকোর্টে জামিন প্রার্থনা করলে নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে হাইকোর্ট সাত দিনের জন্য জামিন মঞ্জুর করেন। গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই আসামিরা গত ৩০ মে আত্মসমর্পণের আবেদন করলে আদালত গতকাল বুধবার শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক এস এম সাইফুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে গতকাল তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর বারের সভাপতি সহিদুজ্জামান, সুলতান উদ্দিন, আবুবক্কর সিদ্দিক, মঞ্জুর মোর্শেদসহ শতাধিক আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি মো. মোশারফ হোসেন।