চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদবঞ্চিতরা দলীয় কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কার্যালয়ে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন।
গত বুধবার দুপুরে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদবঞ্চিতরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও আগুন দেন। এ সময় সাতজনকে আটক করা হয়। পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী যোগ দেন। পদবঞ্চিতরা আলাদাভাবে শোডাউন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁদের দেখা যায়নি। তবে সমাবেশের কাছে দুটি ককটেল ফাটানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বুধবার রাতেই জনৈক এস এম এমদাদ হোসাইন মহানগর বিএনপির পক্ষে মামলাটি করেন। মামলায় আসামির নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এমদাদ হোসাইন মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার সময় তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁকে দিয়ে আমরা মামলাটি করিয়েছি। যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত। তাই সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি।’
গত বুধবার দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার পর আটক পাঁচ ছাত্রদল কর্মীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এঁরা হলেন মোয়াজ্জেম হোসেন, শফি মোস্তফা, কাইয়ুম, গোলাম মওলা ও সোহেল।
মামলার এজাহারে বলা হয়, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে আসবাব ভাঙচুর ও আগুন দেয়। বাদীর স্থানে লেখা হয়, ‘নিবেদক, মহানগর বিএনপির পক্ষে এস এম এমদাদ হোসাইন।’ ৪৩৬ ও ৪২৭ ধারায় মামলাটি করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া জানান, ‘মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। ওই ঘটনায় আটক পাঁচজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রতিবাদ সমাবেশ: গতকাল সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাজির দেউড়ি ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। পুলিশের কাছে খবর ছিল, পদবঞ্চিতরাও পাল্টা শোডাউন করতে পারেন। শেষ পর্যন্ত তাঁদের দেখা যায়নি। তবে সমাবেশস্থলের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রতিবাদ সমাবেশ শেষে পদবঞ্চিতদের হাতে মূল ধারার দুই কর্মী লাঞ্ছিত হন বলেও অভিযোগ পাওয়া গেছে।
নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, যারা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, আসবাব ভাঙচুর ও আগুন দিয়েছে, তারা দলের কেউ নয়। তারা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছে। তাদের দলে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।