বিএনপির পথ চেয়ে বসে আছে জামায়াত
মাঠে নামতে কর্মী-সমর্থকদের চাপ আছে জামায়াতে ইসলামীর ওপর। কিন্তু চলমান বাস্তবতায় একা নয়, বিএনপির সঙ্গে একত্রে রাজপথে নামার ইচ্ছা দলটির। জামায়াতের নীতিনির্ধারকেরা বসেও ছিলেন বিএনপির পথ চেয়ে। কিন্তু বিএনপি ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার যে ঘোষণা দিয়েছিল, কার্যত তা থেকে পিছিয়ে গেছে। এর পরও চার দলের শরিকদের এক মঞ্চে কর্মসূচি পালন করার ব্যাপারে জামায়াত আশাবাদী।জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদও পরোক্ষভাবে আন্দোলন নিয়ে দলের দ্বিধাদ্বন্দ্বের কথা স্বীকারও করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তো মাঠে নামার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু আমরা একা নেমে কী করতে পারব, সেটাই ভাবা হচ্ছে।’মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই দলটির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচজন শীর্ষস্থানীয় নেতা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আছেন। এর মধ্যে দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানি চলছে।বিএনপি কিছুটা নমনীয় কর্মসূচির দিকে যাচ্ছে—এমন আভাস পেয়ে শেষমেশ জামায়াত ১০ সেপ্টেম্বর তিন দিনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু তা পালন করতে গিয়ে যথারীতি পুলিশি চাপে পড়ে দলটি। নেতাদের গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরুর প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়।জামায়াতের মধ্যম সারির গুরুত্বপূর্ণ একজন নেতা প্রথম আলোকে বলেন, ঈদের পর কঠোর আন্দোলনের ব্যাপারে জামায়াত যে আশা করেছিল, বিএনপি সে অবস্থান থেকে সম্ভবত কিছুটা পিছিয়েছে। এ অবস্থায় বাধ্য হয়েই জামায়াত তিন দিনের ওই কর্মসূচি দিয়েছে।দলীয় সূত্র জানায়, আন্দোলন কর্মসূচি ঠিক করতে গত রাতে জামায়াতের ‘রাজনৈতিক কমিটি’র বৈঠক হয়। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।দলের একটি সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক শীর্ষস্থানীয় নেতাদের বিচার শুরুর প্রতিবাদে তিন দিনের কর্মসূচি শেষ হওয়ার পর আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামায়াত নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে। বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।জানতে চাইলে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম চার দলের প্রতি ইঙ্গিত করে প্রথম আলোকে বলেন, ‘অপেক্ষা করুন, আশা করি এক সপ্তাহের মধ্যে সমন্বিত কর্মসূচি দেব।’দলীয় সূত্র জানায়, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক চাপে ফেলে জামায়াত ও এর ছাত্রসংগঠন শিবিরকে। ওই হত্যাকাণ্ডের জন্য ছাত্রশিবিরকে দায়ী করা হয়। রাজপথকেন্দ্রিক সাংগঠনিক কর্মসূচি পালন করতে না পারায় জামায়াত ও ছাত্রশিবির দলের নেতা-কর্মী ও সমর্থকদের চাঙা রাখার জন্য প্রশিক্ষণমূলক কর্মসূচি ও ঘরোয়া বৈঠক বাড়িয়েছে।এসব কর্মসূচির মাধ্যমে দলের মাঠপর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের দলের প্রতি অনুগত রাখা এবং তাঁদের মনোবল উজ্জীবিত করার চেষ্টা করা হয়।সূত্র জানায়, এর বাইরে নানা সাংগঠনিক আঙ্গিকে মাসে অন্তত এক-দুবার থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বৈঠকের আয়োজন করা হয়। জামায়াতের কেন্দ্রীয় নেতারা এসব বৈঠক ও প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকে বক্তব্য দেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন—এমন একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘নেতা-কর্মীদের মানোন্নয়নের জন্য সাংগঠনিক নিয়মে বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি নেওয়া হয়। এই সময়টায় এ ধরনের কর্মসূচি বেশি হচ্ছে।’