বিএনপির পথের কাঁটা জামায়াত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থীকে দমাতে পেরেছে বিএনপি। কিন্তু জোটের প্রধান শরিক জামায়াত-সমর্থিত প্রার্থীকে নিয়ে এখনো চরম অস্বস্তিতে আছে দলটি। এ উপজেলায় বিএনপির জয়ে পথের কাঁটা এখন জামায়াত।
অন্যদিকে, কেন্দ্রীয় নেতার হস্তক্ষেপে বিভেদ ভুলে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে একজোট হয়ে মাঠে নামলেও নেতা-কর্মীদের আন্তরিকতার ওপর অনেকাংশে নির্ভর করছে আওয়ামী লীগের প্রার্থীর জয়-পরাজয়। দুই দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে একজন, বিএনপি থেকে দুজন এবং জামায়াত থেকে একজন এবং ‘স্বতন্ত্র’ একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার শেষ মুহূর্তে এসে গত রোববার বিএনপির একজন প্রার্থী নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে জামায়াতের সঙ্গে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বিএনপি।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিনফুজুর রহমান আওয়ামী লীগ-সমর্থিত একমাত্র প্রার্থী। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব থাকলেও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ কোন্দল মিটিয়ে দলের সব নেতা-কর্মীকে একজোট করতে সক্ষম হয়েছেন। দলের নেতা-কর্মীরা সবাই এখন মিনফুজুরের পক্ষে কাজ করছেন। মিনফুজুর ২০০৮ সালের নির্বাচনে ‘বিদ্রোহী প্রার্থী’ হয়ে বড় ব্যবধানে হারিয়েছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থীকে।
দলের একাধিক নেতা-কর্মী জানান, আন্তরিকতা নিয়ে সবাই এখন যেভাবে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাতে বিজয় তাঁদের অনেকটা নিশ্চিত। মিনফুজুর রহমান বলেন, দল ক্ষমতায় থাকায় দলের সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন ঘটানো সম্ভব হবে—এমন প্রত্যাশা থেকে ভোটারদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন এবং পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান দুজনই এত দিন নিজেদের দলীয় সমর্থিত প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত রোববার নির্বাচনী প্রচারণা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন আনিসুর রহমান।
ইব্রাহীম হোসেন বলেন, দলের দুজন প্রার্থী থাকায় নেতা-কর্মীরা বিভ্রান্ত হয়েছিলেন। অন্যজন নির্বাচন থেকে সরে যাওয়ায় দলের সব নেতা-কর্মীরা এখন উজ্জীবিত।
জামায়াতের কয়েকজন জানান, এখানে ১৯-দলীয় জোটের প্রার্থী হিসেবে নিজেদের দল থেকে প্রার্থী দেওয়ার জন্য বিএনপির কাছে সমর্থন চেয়েছিল জামায়াত। এ নিয়ে জেলা পর্যায়ে কয়েক দফায় বৈঠকও হয়। কিন্তু বিএনপি এই উপজেলায় জামায়াতকে সমর্থন দিতে নারাজ। এ কারণে ক্ষুব্ধ হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাজাহান আলীকে প্রার্থী করা হয়েছে।
শাহাজাহান আলী বলেন, জামায়াতের কী পরিমাণ ভোট রয়েছে, তা গতবারের নির্বাচনের ফলাফলই বলে দেয়। সব মিলিয়ে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে।