বিএনপির পথের কাঁটা জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নের ৪টিতে আওয়ামী লীগের ঘরে বিদ্রোহের আগুন। ১০টিতে বিএনপির পথের কাঁটা জামায়াত। যে কারণে এ উপজেলায় ভোটের হিসাব-নিকাশ বদলে যাচ্ছে।
দলগুলোর তৃণমূলের নেতা-কর্মীরা বলেছেন, ‘বিদ্রোহী’ প্রার্থীর কারণে চারটি ইউনিয়ন আওয়ামী লীগের হাতছাড়া হতে পারে। আর বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটের সমঝোতা না হলে ১০টিতে দুই দলেরই ভরাডুবি হতে পারে।
১৭টি ইউনিয়ন নিয়ে মনিরামপুর উপজেলা। মামলার কারণে একটিতে নির্বাচন স্থগিত রয়েছে। ২২ মার্চ প্রথম পর্যায়ে ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
দল থেকে মনোনয়ন না পেয়ে প্রায় সব কটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রত্যাহারের পরও চারটিতে দলের বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন। এর মধ্যে হরিদাসকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিপদ ভাঞ্জন পাড়ে। বিদ্রোহী প্রার্থী হয়েছেন স্বদেশ কুমার সরকার। খেদাপাড়া ইউনিয়নে দলীয় প্রার্থী আবদুল আলীম ও বিদ্রোহী প্রার্থী মুজিবুর রহমান, চালুয়াহাটিতে দলীয় প্রার্থী আবুল ইসলাম ও বিদ্রোহী আবদুল হামিদ এবং কুলটিয়াতে দলীয় প্রার্থী শেখর চন্দ্র রায় ও বিদ্রোহী পরিতোষ বিশ্বাস।
এ চারটি ইউনিয়নে তৃণমূলের নেতা-কর্মীদের একটি বড় অংশ প্রকাশ্যে ও গোপনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। যে কারণে এসব ইউনিয়নে দলীয় প্রার্থীরা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘জনপ্রিয়তা যাচাই-বাছাই করেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। যে চারজন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন, সাময়িকভাবে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সাংগঠনিক প্রক্রিয়া চলছে।’
উপজেলায় জামায়াতের অবস্থান শক্তিশালী। যে কারণে ১৬টি ইউনিয়নের মধ্যে ১০টিতে জামায়াত দলীয় প্রার্থী দিয়েছে। যদিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা ভোটের মাঠে লড়াই করছে। বিএনপি ও জামায়াতের মধ্যে ভোট ভাগাভাগি হলে আওয়ামী লীগের প্রার্থীদের জয় সহজ হতে পারে বলে অনেক ভোটার মনে করছেন।
রোহিতা ইউনিয়নে বিএনপির প্রার্থী মিজানুর রহমান ও জামায়াতের দেলওয়ার হোসাইন। কাশিমপুরে বিএনপির জি এম আহাদ আলী ও জামায়াতের তাজ উদ্দীন। ভোজগাতিতে বিএনপির কওছার আলী ও জামায়াতের জি এম হুমায়ুন কবির। ঢাকুরিয়াতে বিএনপির জি এম মিজানুর রহমান ও জামায়াতের দেলোয়ার হোসেন। মনিরামপুর সদর ইউনিয়নে বিএনপির নিস্তার ফারুক ও জামায়াতের আহসান হাবীব। ঝাঁপাতে বিএনপির আলাউদ্দীন আহমেদ ও জামায়াতের শরিফুল ইসলাম। মশ্বিমনগরে বিএনপির আবদুল গফুর ও জামায়াতের মোহম্মদ সেলিম জাহাঙ্গীর। শ্যামকুড়ে বিএনপির এস এম মশিউর রহমান ও জামায়াতের মো. মনিরুজ্জামান। দুর্বাডাঙ্গায় বিএনপির আলতাপ হোসেন ও জামায়াতের আজিজুর রহমান। নেহালপুরে বিএনপির নাজমুস সাদাত ও জামায়াতের আবু তালহা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার রোহিতা ইউনিয়নে সরেজমিনে দেখা গেছে, পলাশী কলেজ মোড়, রোহিতা বাজারসহ ছোট ছোট বাজারে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। পলাশী কলেজ মোড়ে সব প্রার্থীর পোস্টার ঝুলতে দেখা গেছে।
মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেন, ‘সমঝোতার জন্য জামায়াতের স্থানীয় নেতাদের সঙ্গে বহুবার কথা বলেছি। কিন্তু তাঁরা বলেছেন, প্রার্থী হওয়াটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত।’
উপজেলা জামায়াতের আমির লিয়াকত আলী বলেন, ‘বিএনপির সভাপতি শহীদ ইকবালের মুঠোফোনে অন্তত ছয়বার ফোন দিয়ে বসাবসির কথা বলেছি, কিন্তু তিনি রাজি হননি। তিনি শুধু বলেন, আপনাদের ডিমান্ড জানান।’