বিএনপির পদবঞ্চিতদের মানববন্ধন
অগঠনতান্ত্রিক ও অনিয়মের মাধ্যমে নেত্রকোনা পৌর বিএনপির কমিটি গঠনের অভিযোগ উঠেছে৷ ওই অভিযোগ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে৷ গতকাল সোমবার মানববন্ধন করে এর প্রতিবাদ জানিয়েছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা৷
প্রত্যক্ষদর্শীরা জানান, পদবঞ্চিত নেতা-কর্মীরা শহরের ছোট বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করেন৷ তাঁরা বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন৷
মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল ওয়াহাব ভূইয়া, মাসুদুল আজিজ ও কামাল আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সাবিনা দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত হাসান খান, জেলা ছাত্রদলের সহসভাপতি শওকত জাহিদ খান, সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী দলের নির্যাতিত, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে৷
তবে জেলা বিএনপির আহ্বায়ক আশরাফ উদ্দিন খান অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা গণতান্ত্রিকভাবে কমিটি গঠন করছেন৷ যাঁরা দলের স্বার্থে কাজ করেছেন, তাঁদেরকেই কিমটিতে রাখা হয়েছে৷