বিএনপির পাঁচ আইনজীবীর আগাম জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিনসহ পাঁচ আইনজীবীর চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বুধবার দুপুরে শুনানি শেষে বিএনপিপন্থী পাঁচ আইনজীবীর এই জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। 
জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন সানাউল্লাহ মিয়া, ফাহিমা নাসরিন, শরিফ ইউ আহমেদ ও লিপি।
বিচারপতি এ বি মাহমুদুল হক ও কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে জামিনের শুনানি হয় বলে আইনজীবী এ কে এম এহসানুর রহমান প্রথম আলোকে জানান।
৫ জানুয়ারি ২০-দলীয় জোটের ডাকা গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ভাঙচুর, বিচারপতির গাড়িতে হামলা, পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০-৯০ জনের বিরুদ্ধে ওই দিন পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করে।

রফিকুল ইসলাম মিয়ার আগাম জামিন মঞ্জুর
মোটরসাইকেলে আগুন ও উসকানির অভিযোগে পল্টন থানায় করা দুটি মামলায় বিনএপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন একই বেঞ্চ। পল্টন এলাকায় মোটরসাইকেলে আগুন ও উসকানির অভিযোগে গতকাল মঙ্গলবার এই দুটি মামলা করে পুলিশ।

বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়ার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। বিএনপির পাঁচ আইনজীবীর পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ।