যুবদলের কর্মী আজম হত্যা মামলায় পুলিশ গত শুক্রবার পাবনার ঈশ্বরদী বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলা বিএনপির (একাংশ) সহসাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, পৌর কমিটির (একাংশ) নির্বাহী সদস্য ও ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর মহিদুল ইসলাম, যুবদলের কর্মী সেলিম হোসেন, বিয়ার মুরাদ ও একরাম হোসেন।পুলিশ জানায়, শহরের ফতে মোহাম্মদপুর এলাকায় গত বছরের ২৬ নভেম্বর রাতে যুবদলের কর্মী আজম (২৬) প্রতিপক্ষের হামলায় খুন হন। ঘটনার সময় আজমের বন্ধু ও ঈশ্বরদী পৌর মেয়রের ছেলে সজল (২৬) গুরুতর আহত হন। এ ঘটনায় পৌর বিএনপির একাংশের নেতা ও মেয়র মোকলেছুর রহমান মামলা করেন। মামলায় ১৪ জনকে আসামি করা হয়। এর মধ্যে জাকারিয়া পিন্টুসহ তিন আসামি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে ওই দিনই আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।