বিএনপির পাঁচ নেতাকে অন্য মামলায় হয়রানি না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কারাবন্দী পাঁচ নেতাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া অন্য কোনো মামলায় হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।
পাঁচ নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন।
আরও দুই মামলায় মিন্টুর জামিন: মতিঝিল থানার আরও দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু। গতকাল তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর।
গত ২৪ ডিসেম্বর বাংলামোটরে গাড়িতে পেট্রলবোমা মেরে পুলিশ সদস্য হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন খোকনের জামিন আবেদন গতকাল নাকচ করে দেন মহানগর দায়রা জজ আদালত।
ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির সাবেক সাংসদ শাম্মী আক্তারকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন নাকচ করে দেন ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক। আদালত শাম্মী আক্তারের জামিন আবেদনও নাকচ করে দেন।