বিএনপির পাঁচ নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহম্মদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন জামিন পেয়েছেন।
গতকাল সোমবার এসব নেতার জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা বলছেন, মওদুদ আহমদকে মোট ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে পাঁচটিতে তিনি জামিন পান। গতকাল সর্বশেষ মামলায় জামিন হওয়ায় তাঁর কারামুক্তিতে আর বাধা নেই। খন্দকার মাহবুব হোসেনকে দুই মামলায় গ্রেপ্তার করা হয়। গতকাল সর্বশেষটিতে তিনি জামিন পান। তাঁরও কারামুক্তিতে আইনগত বাধা নেই। আর সাদেক হোসেন খোকা গতকাল ছয়টি মামলায় জামিন পান। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নেতার জামিন মঞ্জুর করেন।