বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ পাঁচ নেতার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। জামিনের আবেদনের ওপর অধিকতর শুনানি শেষে বিচারক মো. জহুরুল হক গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
অপর চার নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এদিকে বিএনপির এই পাঁচ নেতার মুক্তি চেয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনজে। গতকাল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, তাঁদের মুক্তির জন্য সম্ভাব্য সবকিছু করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগরের কৌঁসুলি আবদুল্লাহ আবু।
আসামিপক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে বলেন, ১৭ নভেম্বর হাইকোর্ট তদন্ত কর্মকর্তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। কিন্তু তদন্ত কর্মকর্তা এত দিনেও জিজ্ঞাসাবাদ করেননি।