বিএনপির পাঁচ নেতার জামিন বিষয়ে আদেশ রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি মামলায় বিএনপির পাঁচ নেতার জামিন চেয়ে করা আবেদনের ওপর গতকাল বৃহস্পতিবার শুনানি শেষ হয়েছে। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ শুনানি নিয়ে রোববার আদেশের দিন ধার্য করেন।

বিএনপির এই পাঁচ নেতা হলেন দলের স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। গত ৮ নভেম্বর রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, এ কে এম এহসানুর রহমান প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন। পরে আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী রোববার আদেশের দিন ধার্য করেছেন আদালত।

এ দুই মামলার একটিতে তাঁদের বিরুদ্ধে ২৪ সেপ্টেম্বর তথ্যমন্ত্রীর বাসায় বোমা হামলা মামলায় অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় ৮-১০টি গাড়ি ভাঙচুর ও গাড়িতে থাকা চালকদের হত্যার উদ্দেশ্যে মারধরের নির্দেশ ও পরিকল্পনার অভিযোগ আনা হয়। অপর মামলায় ৫ নভেম্বর হরতাল চলাকালে ১৮ দলের একটি মিছিল থেকে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য রাস্তায় অবরোধ সৃষ্টির নির্দেশ ও পরিকল্পনার অভিযোগ আনা হয়। এ দুই মামলায় ২৮ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর বিরুদ্ধে ও জামিন চেয়ে ৫ ডিসেম্বর হাইকোর্টে তাঁরা পৃথক আবেদন করেন।