বিএনপির পাঁচ নেতার রিমান্ড বা জামিন কোনোটাই হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মতিঝিল থানায় পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ দলের শীর্ষ পাঁচ নেতার রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের তিন কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন রফিকুল ইসলাম মিঞা, এম কে আনোয়ার, সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও শামছুর রহমান শিমুল বিশ্বাস।
গত বছরের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় করা মামলায় মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও শামছুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এ ছাড়া মতিঝিল থানায় পৃথক মামলায় মেজর হাফিজকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে উভয় মামলায় আসামিদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত উভয় আবেদন নাকচ করে আসামিদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গত বছরের ৮ নভেম্বর রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই দিন রাতেই শিমুল বিশ্বাস এবং ২৯ ডিসেম্বর রাতে মেজর হাফিজকে গ্রেপ্তার করা হয়।
এদিকে হেফাজতে ইসলামের সহিংসতায় মতিঝিল থানার পৃথক তিনটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন। গত বছরের ২৫ নভেম্বর রাতে জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মতিঝিল থানার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।