বিএনপির পাঁচ নেতার রিমান্ড স্থগিত
পৃথক মামলায় বিএনপির পাঁচ নেতার রিমান্ড আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের কারাগারে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে, তদন্তের স্বার্থে জেল গেটে তাঁদের জিজ্ঞাসাবাদ করা যাবে।
আজ রোববার বিকেলে রিমান্ড আদেশ বাতিল চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিএনপির পাঁচ নেতা হলেন স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। ৭ নভেম্বর রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
১৪ নভেম্বর বিএনপির এই পাঁচ নেতাকে পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম রেজাউল করিম।
এই রিমান্ড আদেশের স্থগিতাদেশ চেয়ে আজ বেলা পৌনে ১১টার দিকে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।