বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীর নামে মামলা
বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সভাপতিসহ পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে আওয়ামী লীগের এক নেতা বাদী হয়ে ধুনট থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ১০টায় জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপজেলা শহরে মিছিল বের করেন। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি ও জামায়াতের ২০ জন এবং আওয়ামী লীগের চারজন নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ২৩টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পৌর আওয়ামী লীগের সদস্য আবদুল করিম বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলমসহ ৬১জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও ৪৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ধুনট থানায় মামলা দায়ের করেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক অভিযোগ করেন, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। এ সময় তাঁদের চার নেতা-কর্মী আহত হন।
উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম বলেন, নির্বাচন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁদের দলের নেতা-কর্মীরা জড়িত নন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, বিস্ফোরক আইনে হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।