বিএনপির পাশে নেই জামায়াত
রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির পাশে নেই জামায়াত। এতে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা ভবিষ্যতে এলাকায় জামায়াতকে বাদ দিয়ে চলার হুমকি দিয়েছেন।জানা গেছে, বদরগঞ্জে মেয়র পদে জামায়াতে ইসলামী দলীয় প্রার্থী দেয়নি। অন্যদিকে স্থানীয় বিএনপি এই প্রথম পৌর নির্বাচনে মেয়র পদে উপজেলা যুবদলের সভাপতি কমল লোহানীকে দলীয় প্রার্থী করেছে। ১৯৯৬ সালে সর্বশেষ রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সাংসদ পদে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি পরিতোষ চক্রবর্তী প্রার্থী হয়েছিলেন। এরপর আর কোনো নির্বাচনে প্রার্থী দেয়নি বিএনপি। দীর্ঘ ১৪ বছর পর পৌর নির্বাচনে দলীয় প্রার্থী পেয়ে খুশি বিএনপির কর্মীরা।উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী বলেন, ‘পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার জন্য জামায়াতের উপজেলা শাখার নেতাদের নিয়ে একাধিক বৈঠক করেছি। বৈঠকে উপজেলা জামায়াতের আমীর শাহ্ মুহম্মদ রোস্তম আলী নির্বাচনে আমাদের প্রার্থীর পক্ষে কাজ করার কথা দিয়েছিলেন। পরে তাঁরা আর সাড়া দেননি।’পৌর বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উপজেলা জামায়াতের নেতারা পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন তো করেইনি, উল্টো বিরোধিতা করছে। ভবিষ্যতে আমরাও এলাকায় জামায়াতকে পরিহার করব।’জামায়াতের উপজেলা আমীর শাহ মুহম্মদ রোস্তম আলী বলেন, ‘বিএনপি আগে বলেছিল, আমাদের মেয়র পদপ্রার্থী নেই। তারপর হঠাৎ করে পৌর নির্বাচনে প্রার্থী দিয়েছে। তবে দলীয়ভাবে আমরা কাউকে সমর্থন করিনি।’