বিএনপির পোষ্য বুদ্ধিজীবীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন: কামরুল

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির পোষ্য বুদ্ধিজীবীরা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মাইনাস-টু ফর্মুলার নায়ক কিছু বুদ্ধিজীবী নিজেদের নিরপেক্ষ দাবি করে নির্দলীয় সরকারের কথা বলেন। কিন্তু তাঁরা নিরপেক্ষ নন। তঁরা বিএনপির পোষ্য। তাঁরা এই সরকারকে বিতর্কিত করতে সিটি নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করতে চান।’
আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‘বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি—দেশবিরোধী ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে। খবর বাসসের।
সংগঠনের সহসভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য দেন।
বিভ্রান্তি সৃষ্টির যতই অপচেষ্টা করা হোক না কেন, চার সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না—মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, ‘অতীতের সরকারগুলো নির্বাচন কমিশনকে অবৈধভাবে প্রভাবিত করলেও বর্তমান মহাজোট সরকার তা করেনি। তাই চার সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে।’
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যেসব বুদ্ধিজীবী তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, তাঁরা একসময় একটি বিশেষ গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে কারচুপির নির্বাচন করেছিলেন। তিনি বলেন, ‘যত বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হোক না কেন, নির্বাচন সুষ্ঠু হবে। এ নির্বাচন কোনো রকম প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে না। আমরা এ চার সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই, বর্তমান সরকার এ পর্যন্ত কোনো নির্বাচন প্রশ্নবিদ্ধ করেনি, এখনো করবে না এবং ভবিষ্যতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।’