বিএনপির প্রচারণায় আ.লীগের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে প্রচারণার সময় গত শনিবার সন্ধ্যার দিকে বিএনপির মেয়রপ্রার্থী তোজাম্মেল হকের কর্মীদের ওপর আওয়ামী লীগ মেয়রপ্রার্থী মুক্তার আলীর কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছো।
আড়ানী পৌর এলাকার চকসিংড়া গ্রামে এ ঘটনায় কাজল সরকার, জহুরুল ইসলাম, তূর্য হোসেন, আবু হোসেনসহ পাঁচজন আহত হন। এর মধ্যে কাজলকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপির কর্মীরা অভিযোগ করেন, গত শনিবার সন্ধ্যার পর আড়ানী পৌর এলাকার চকসিংড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় যান বিএনপির দলীয় প্রার্থী তোজাম্মেল হকসহ তাঁর কর্মী-সমর্থকেরা। সেখান থেকে আড়ানী বাজারের দিকে যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থী মুক্তার আলীর ছেলে রাজা হোসেন, তাঁর বন্ধু আলাউদ্দিন, উকিল উদ্দিনসহ ১০-১৫ জন পেছন থেকে তাঁদের ওপর হামলা চালান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ওই প্রচারণায় তিনিও ছিলেন। যাঁরা হামলা করেছেন, তাঁদের সবাইকে চেনা সম্ভব হয়নি।
আওয়ামী লীগ প্রার্থী মুক্তার আলী বলেন, ‘যদি ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে আমি নিজে ব্যবস্থা নেব।’
বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, বিএনপি-সমর্থিত প্রার্থী মৌখিকভাবে অভিযোগ করার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।