
৯২ বছর বয়সে প্রিজনসেলে গোলাম আযমের মৃত্যুকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা অনেকটাই স্বাভাবিকভাবে নিয়েছেন। গতকাল শুক্রবার দিনভর দলটির নেতা-কর্মী-সমর্থকদের অনেকে মগবাজারের বাসায় গোলাম আযমের মরদেহ দেখে নীরবে ফিরে গেছেন। তাঁর মৃত্যুকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করে দলের পক্ষ থেকে এক শোকবার্তা দেওয়া হয়েছে।
তবে গোলাম আযমের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে কেউ সমবেদনা জানাতে না যাওয়ায় এবং কোনো শোকবার্তা না দেওয়ায় জামায়াতের নেতা-কর্মীরা মনঃক্ষুণ্ন হয়েছেন। দলটির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।
এদিকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আযমের মৃত্যুতে জামায়াতের রাজনৈতিক মিত্র বিএনপি কোনো প্রতিক্রিয়া জানাবে কি না, তা এখনো পরিষ্কার নয়। এ নিয়ে গতকাল বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো জবাব দেননি। ‘যে বিষয়ে আলোচনা ছিল, আমরা সে বিষয়ে আলোচনা করেছি’—এ কথা বলে তিনি সংবাদ সম্মেলন শেষ করে চলে যান।
আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
পরে সন্ধ্যায় এ বিষয়ে বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে জানতে চাওয়া হয়। তিনি প্রথম আলোকে বলেন, তিনি অসুস্থ, তাই আপাতত দাপ্তরিক কাজের বাইরে আছেন। তাই এ বিষয়ে কিছু জানেন না।
অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে গোলাম আযমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। ওই অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকও ছিলেন। জয়নুল আবদিন ফারুক পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একজন প্রবীণ রাজনীতিক ও ভাষাসৈনিক হিসেবে গোলাম আযমের মৃত্যুতে তাঁর সমবেদনা রয়েছে।
জামায়াতের শোকবার্তা: গোলাম আযমের মৃত্যুর ১৪ ঘণ্টা পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গণমাধ্যমে এক শোকবার্তা পাঠান। তাতে তাঁরা বলেন, ‘জালিম সরকারের মিথ্যা মামলায়’ আটক থাকা অবস্থায় জীবনের শেষ প্রান্তে পরিবারের সান্নিধ্য ও উন্নত চিকিৎসাবঞ্চিত অবস্থায় গোলাম আযমের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ইতিহাস একদিন এই নিষ্ঠুরতার বিচার করবে।