চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেয়েছেন বর্তমান মেয়র আবদুল মান্নান খান। তিনি বিএনপির সাবেক সভাপতি। কিন্তু বিএনপির স্থানীয় দুটি পক্ষ তাঁকে মনোনয়ন দেওয়ার বিষয়টি মেনে নেয়নি। তারা স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন মজুমদারকে সমর্থন দিয়েছেন। বিভেদ ভুলে তাঁকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
গত বুধবার রাতে পৌরসভার টোরাগড় গ্রামের স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হেলাল উদ্দিনের প্রার্থিতার পক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের অন্তত ১০ জন নেতা প্রকাশ্যে বক্তব্য দেন।
মতবিনিময় সভায় পৌর বিএনপির আহ্বায়ক (মমিন গ্রুপ-সমর্থিত) আবদুর রহমান মিয়াজী বলেন, হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার জন্য জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও সাবেক সাংসদ এম এ মতিন ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মনোনয়ন বোর্ডে জমা দেওয়া হেলালের ফাইল কৌশলে সরিয়ে ফেলেছেন। যে কারণে কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার সময় হাজীগঞ্জ পৌরসভার জন্য দলীয় প্রার্থী হিসেবে শুধু মান্নান খানের নাম ছিল। তিনি অভিযোগ করেন, মনোনয়ন পেতে জেলা থেকে কেন্দ্র পর্যন্ত মান্নান খান ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করেছেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক (মতিন গ্রুপ-সমর্থিত) নাজমুল আলম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘হাজীগঞ্জ পৌরসভার মনোনয়ন নিয়ে গত ২৭ নভেম্বর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১৮ জন বক্তার মধ্যে ১৪ জনই হেলালের পক্ষে মতামত দিয়েছেন। কিন্তু শেখ ফরিদ আহমেদ আমাদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্তে মান্নান খানের নাম চূড়ান্ত করে কেন্দ্রে সিদ্ধান্ত পাঠিয়েছেন। আমরা দেখিয়ে দিতে চাই হাজীগঞ্জের রাজনীতিতে শেখ ফরিদের প্রার্থী জয়ী হয় না মতিন-মমিন সমর্থিত প্রার্থী জয়ী হন।’
হেলালের নথি সরিয়ে ফেলা এবং স্থানীয় নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে মান্নান খানের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ। তিনি দাবি করেন, তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে মনোনয়ন পাওয়ার যোগ্য ব্যক্তিকে প্রার্থী দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী থাকলে ১৩ ডিসেম্বরের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য একাধিকবার আবদুল মান্নান খানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।