বিএনপির প্রতিবাদ
খুলনায় ৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার ও হামলা-মামলার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে নগর বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে সব ধরনের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। নগর বিএনপির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকার পুলিশকে বিএনপি দমনের কাজে ব্যবহার করছে। গত শুক্রবার আজম খান কমার্স কলেজের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্বিচারে ছাত্রদলের নেতা-কর্মীদের পিটিয়েছে। তার পরও পুলিশ তাঁদের নামে মামলা না করে ছাত্রদলের নেতা-কর্মী ও তাঁদের কয়েকজনের অভিভাবকদেরও থানায় ধরে এনে মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমও করতে দিচ্ছে না।’ তিনি দলীয় রাজনীতি করার সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ন না করা ও অবিলম্বে সব ধরনের নির্যাতন বন্ধ করার দাবি জানান। সংবাদ সম্মেলনে খুলনা বিএনপির মনিরুজ্জামান মনির, কাজী সেকেন্দার আলী, সৈয়দা নার্গিস আলী, ফখরুল আলম, জলিল খান, মীর কায়সেদ আলী, মোরশেদ আলী ও আরিফুর রহমানসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, পুলিশের ওপর হামলা, কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাঙচুর মামলায় ওই নেতা-কর্মীদের আটক করে আদালতে পাঠানো হয়েছে। তা ছাড়া তাঁদের ওপর কোনো অত্যাচার বা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ ঠিক নয়।