বিএনপির প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘জজ মিয়ার সেই জবানবন্দি সঠিক ছিল: বিএনপি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে দলটি। দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সংবাদ সম্মেলনে এমন কোনো কথা বলেননি। প্রতিবাদপত্রে বলা হয়, ‘গত ২১ আগস্ট রাত আটটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রুহুল কবীর রিজভী জজ মিয়ার জবানবন্দির বিষয়ে সঠিক-বেঠিক কোনো কিছুই বলেননি। তিনি বলেছেন, জজ মিয়া ভালো মানুষ ছিল না, সে ছিল সমাজবিরোধী এবং তার নামে অস্ত্র মামলা ছিল। কাজেই রুহুল কবীরের বক্তব্য নিয়ে পত্রিকায় যে সংবাদ ছাপানো হয়েছে, তা সঠিক নয়।’ প্রতিবেদকের বক্তব্য: ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সময় জজ মিয়াকে আসামি করে যে তদন্ত করা হয়েছিল, তা কি সঠিক ছিল?’ উত্তরে রহুল কবীর রিজভী বলেছিলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত বিএনপির আমলে শুরু হয়েছিল। তদন্ত নিরপেক্ষ করতে সে সময় বিএনপি আন্তর্জাতিক বিভিন্ন তদন্তকারী সংস্থাকে নিয়ে এসেছিল। এবং এটা সঠিক, নিশ্চয়ই সঠিক ছিল। সে (জজ মিয়া) কি সমাজের ভালো মানুষ? তার কি আগের কোনো দাগ নেই? সে তো বিভিন্ন মামলার আসামি ছিল।’ওই প্রশ্নের জবাবে রুহুল কবীর আরও বলেছিলেন, ‘এরপর বিএনপি সরকারে ছিল না। ক্ষমতায় এসেছিল সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং সে সরকার আজকের সরকারের আন্দোলনের ফসল। তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ও এই সরকারের তিন বছরে তদন্তে টুইস্ট করা হয়েছে, ম্যানুপুলেট করা হয়েছে। তাদের উদ্দেশ্য পূরণে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির নেতাদের জড়ানো হয়েছে।