বিএনপির প্রতিবাদ সমাবেশ, জামায়াতের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সমাবেশ-মিছিলের ওপর সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জারি করা নিষেধাজ্ঞার ৭২ ঘণ্টা পর প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি-জামায়াত। গত রোববার থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা ছিল। গতকাল বুধবার কোনো নিষেধাজ্ঞা না থাকায় সকালে নগরে মিছিল করে জামায়াত। বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।বিকেল চারটায় নগরের কোর্ট পয়েন্টে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী। টানা তিন দিনের নিষেধাজ্ঞার সমালোচনা করে বক্তৃতায় ইলিয়াস আলী বলেন, ‘গত ৭২ ঘণ্টা সিলেটে সভা, সমাবেশ নিষিদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশ আওয়ামী আইনে পরিচালিত হচ্ছে। আওয়ামী আইনে আমাকেসহ বিএনপির শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতা আবদুল গফফার, আবদুল কাইয়ুম, নাসিম হোসাইন প্রমুখ বক্তব্য দেন। জামায়াতের মিছিল: বেলা ১১টায় নগরের বন্দরবাজারের কাছে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে মহানগর জামায়াত। মিছিল-পরবর্তী সমাবেশে নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. ফখরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বিরোধী দল ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত জামায়াতের কর্মী শরিফুল ইসলাম, বিএনপির আবুল হোসেন গাজী, আবুল কাশেম, রুবেল ও লিমন হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও গ্রেপ্তার দাবি করেন।