বিএনপির প্রস্তাব নিয়ে এখনো আলোচনার সুযোগ আছে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুলতবি প্রস্তাব জমা দিয়ে তা আবার প্রত্যাহার করে নিলেও বিএনপির প্রস্তাব নিয়ে এখনো আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ৩০ জুন বাজেট পাসের পর আলোচনা হতে পারে।

‘জেন্ডার মেইনস্ট্রিমিং ইন বাংলাদেশ পার্লামেন্ট’ শীর্ষক এক আলোচনায় গতকাল শনিবার সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের স্পিকার এ কথা বলেন।

স্পিকার বলেন, বাজেট আলোচনার সময় বিরোধী দলের প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ সীমিত। তবে বাজেট পাসের পরও কয়েক দিন সংসদ চলবে। বিএনপির প্রস্তাব নিয়ে তখন আলোচনা হতে পারে। বিরোধী দল চাইলে যেকোনো বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হবে।

শিরীন শারমিন বলেন, ‘আমি বিরোধী দলকে ধন্যবাদ জানাই। তারা বাজেট উপস্থাপনের দিন ছাড়া বাকি সময় সংসদে ছিলেন। আশা করি, চলতি অধিবেশনের বাকি সময়টুকুতেও তারা থাকবে।’

বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন গত ২২ মে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনার দাবিতে সংসদে মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন।