বিএনপির প্রস্তাব মানলে সংবিধান সংশোধন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর নির্বাচনকালীন সরকার নিয়ে গতকাল বিকল্প আরেকটি প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। এ বিষয়ে প্রথম আলোর কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট তিন নাগরিক।
জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেছেন, বিরোধীদলীয় নেতা খুবই ভালো প্রস্তাব দিয়েছেন। কিন্তু এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। নইলে এর বাস্তবায়ন সম্ভব নয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী যে অবস্থান ব্যক্ত করেছেন, তাতে ব্যবধান অনেক বেশি। এই দুই প্রস্তাবের মধ্যে ব্যবধান এত বেশি যে, সমঝোতা সম্ভব নয়। অভিন্ন অবস্থান বের করার জন্য পর্দার অন্তরালে সমঝোতার চেষ্টা করতে হবে, নতুবা সংঘাত অনিবার্য।
আকবর আলি খান মনে করেন, বিরোধীদলীয় নেত্রীর প্রস্তাব মানলে সংবিধান পরিবর্তন করতে হবে। আর সংবিধান পরিবর্তন করতে হলে
সরকারি দলকে প্রস্তাবটি গ্রহণ করতে হবে। সরকারি দল রাজি হবে কি না, সেটাই গুরুত্বপূর্ণ।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, সেটি যেমনই হোক আমার তো মনে হয় আলোচনার একটি ক্ষেত্র তৈরি হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বিষয়ে তিনি যা বলেছেন আমার মনে হয় না তিনি সেই জায়গাতেই আটকে থাকবেন। কারণ, এই উপদেষ্টাদের অধিকাংশকেই হয়তো পাওয়া যাবে না। তবে আলোচনার ক্ষেত্র তৈরি হলো। প্রধানমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন, বিরোধীদলীয় নেত্রী দিলেন আরেকটি প্রস্তাব। এখন দুই দলেরই এক সঙ্গে বসে গ্রহণযোগ্য একটি সমাধানে আসা উচিত। প্রধান দলগুলোর মধ্যে সমঝোতা না হলে নির্বাচন কমিশনের জন্যও কাজ করা কঠিন।