বিএনপির প্রার্থী আটটি মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে হত্যা, প্রতারণা, চাঁদাবাজি এবং ব্যাংকের চেক জালিয়াতিসহ নানা অভিযোগে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদত হোসেন সরকারের বিরুদ্ধে এ পর্যন্ত মোট আটটি মামলা হয়েছে।
এর মধ্যে দুটি হত্যা মামলা থেকে তিনি অব্যাহতি ও একটি মামলায় ৩৫ লাখ টাকা জরিমানাসহ ছয় মাসের কারাভোগ করেছেন। বাকি পাঁচটির মধ্যে দুটি মামলা বিচারাধীন ও তিনটি উচ্চ আদালতে স্থগিত রয়েছে। শাহাদত হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তিনি ছাত্র অবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম খান দুটি মামলার আসামি ছিলেন। দুটি মামলা থেকেই তিনি অব্যাহতি পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সরদার মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মারামারির অভিযোগে একটি মামলা ছিল। তবে চূড়ান্ত প্রতিবেদনে নিষ্কৃতি পান তিনি। মোয়াজ্জেম উপজেলার চালাকচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
চেয়ারম্যান পদের ছয় প্রার্থীর মধ্যে মামলা থেকে মুক্ত রয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোল্লা জহিরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা বেলায়েত হোসেন ও জামায়াত-সমর্থিত প্রার্থী মো. জাকারিয়া। প্রার্থীদের হলফনামা থেকে মামলা-সংক্রান্ত এসব তথ্য জানা গেছে।
৩১ মার্চ মনোহরদী উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
এখানে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।