বিএনপির প্রার্থী আত্মগোপনে, তবু চিন্তায় আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানাখন্দে ভরা রাস্তাঘাট সংস্কার, অকার্যকর পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়ন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচারে ব্যস্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের (বাড্ডা) কাউন্সিলর পদপ্রার্থীরা। তিনজন প্রার্থীর অভিযোগ, তাঁদের প্রচারে বাধা দিচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ওসমান গনি। তাঁদের কর্মীদের হুমকি দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলা এবং মাইক কেড়ে নেওয়া হচ্ছে।
ওসমান গনি বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি। এ ওয়ার্ডের ছয় কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে বিএনপি-সমর্থিত প্রার্থী এ জি এম শামছুল হক পুলিশের ভয়ে আত্মগোপনে। তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মীরা। প্রার্থী হলেও পরে সরে দাঁড়িয়েছেন বিএনপির নেতা মান্নান মোল্লা। নির্দলীয় প্রার্থী আসোয়াত কামালের প্রচারণা চোখে পড়ার মতো নয়।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বাড্ডা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা ও নির্দলীয় প্রার্থী তুষার হাওলাদার প্রচারে বেশ সরব। এলাকাবাসী জানান, তাতেই চিন্তায় ঘুম হারাম হওয়ার জোগাড় ওসমান গনির।
গোলাম মোস্তফা অভিযোগ করেন, তাঁর লোকদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। তাঁর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, মাইক কেড়ে নেওয়া হচ্ছে। কারা এসব করছে, এ প্রশ্নে তিনি বলেন, ‘যারা এখানে ডমিনেট করছে, তারা। নাম বলে বিপদে পড়তে চাই না।’
তুষার হাওলাদার অভিযোগ করেন, গত সোমবার তাঁর লোকেরা ১০ হাজার পোস্টার লাগায়, পরদিন দেখেন কোনো পোস্টার নেই। মঙ্গলবার তাঁর লোকদের মাইকে প্রচার করতে দেওয়া হয়নি। কারা করছে, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বলে লাভ নাই। বড় প্রার্থীদেরই অবস্থা খারাপ। আমি ছোট মানুষ, নাম বললে আরও বিপদে পড়ব।’
আত্মগোপনে থাকা বিএনপি-সমর্থিত প্রার্থী শামছুল হকের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলাই গত ৫ জানুয়ারি ২০-দলীয় জোটের আন্দোলন শুরুর পর করা। বাকি তিনটি মামলা ২০১৪ সালের সংসদ নির্বাচনের আগে করা।
যোগাযোগ করা হলে শামছুল হক মুঠোফোনে বলেন, ‘পুলিশের ভয়ে এলাকায় ঢুকতে পারি না। আমার পক্ষে আমার কর্মীরা প্রচার চালাচ্ছেন। এর ওপর আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, পুড়িয়েও ফেলেছে।’ তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করার পর তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। কিন্তু এর পর বাধা দেওয়ার পরিমাণ আরও বেড়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি এবং প্রচারে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে ওসমান গনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় দিয়ে বিষয়টি বলার পর তিনি বলেন, ‘আমার এসব আলাপের দরকার নাই। আমার টাইম নাই।’ এ প্রতিবেদক দুই মিনিট সময় দেওয়ার অনুরোধ করলে তিনি ‘আরে বাদ দেন তো মিয়া, দরকার নাই এইগুলার’ বলে ফোনের সংযোগ কেটে দেন।
ভাঙা রাস্তা, পয়োনিষ্কাশনব্যবস্থা: মধ্য বাড্ডার পোস্ট অফিস গলির রাস্তাটি যেন পুরো বাড্ডার রাস্তাঘাটের প্রতীকী চিত্র। মঙ্গলবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, নর্দমার পানি উপচে পুরো রাস্তায় জমে আছে। এর ওপর পুরো রাস্তায় গর্ত থাকায় যানবাহন ও পথচারী কারও চলার উপায় নেই।
এখানকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, তিন বছর ধরে এ অবস্থা রাস্তাটির। নর্দমার পানি রাস্তায় ওঠায় এ দশা। উত্তর সিটি করপোরেশনে জানানো হয়েছে একাধিকবার, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাড্ডার গুপীপাড়া, ময়নারবাগ ও হোসেন মার্কেট এলাকা ঘুরে প্রায় একই চিত্র চোখে পড়ে। অকেজো পয়োনিষ্কাশনব্যবস্থা, ভাঙা রাস্তা, মশার উপদ্রবকে মূল সমস্যা উল্লেখ করেছেন এখানকার প্রার্থীরা। প্রচার-জনসংযোগে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দিচ্ছেন তাঁরা।
বিএনপি-সমর্থিত প্রার্থী শামছুল হক বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে চাপ তৈরি করে কাজ করা যায়। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মাদকসহ অন্যান্য সমস্যার সমাধান করবেন।