বিএনপির প্রার্থী ও বিদ্রোহীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজার এলাকায় গতকাল সোমবার দুপুরে বিএনপির মেয়র প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজন গুলবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
শটগানের গুলিবিদ্ধ দুজন হলেন পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (২৫) ও বিএনপির কর্মী গাজীউর রহমান (৩৮)। দুজনেই বাজারের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী রুহুল আমিন তাঁর বড় ভাইয়ের বাসা থেকে দুপুর পৌনে ১২টার দিকে বাজার এলাকায় নারী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছেন এমন খবর পেয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ফয়জুল কবিরের সমর্থকেরা গিয়ে বাধা দেন। পরে বিদ্রোহী মেয়র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর একদল সমর্থক যোগ দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় শফিকুলের মাথায় ও গাজীউরের পায়ে গুলি লাগে। এ ছাড়া ইটপাটকেল ও লাঠির আঘাতে উভয় পক্ষের আরও অন্তত ১৮ জন সমর্থক আহত হন। তাঁরা স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন।
সংঘর্ষ চলাকালে আতঙ্কে বাজার এলাকার পাঁচ শতাধিক দোকানপাট বন্ধ রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ক্লিনিক থেকে মাথায় ব্যান্ডেজ লাগিয়ে বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শফিকুল অভিযোগ করেন, ‘বিদ্রোহী মেয়র প্রার্থী রহুল আমিন আমাকে গুলি করেন।’
বিএনপির মেয়র প্রার্থী ফয়জুল কবিরের অভিযোগ, ‘রহুল আমিন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় আমার সমর্থকেরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গুলি করে আমার আটজন সমর্থককে আহত করেন।’ তবে এসব অভিযোগ অস্বীকার করে রহুল আমিন বলেন, ‘আমার ভাই গাড়িতে করে যাওয়ার সময় ফয়জুল কবিরের সমর্থকেরা হামলা করেন। পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় গুলির কোনো ঘটনা ঘটেনি।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুকনুজ্জামান বলেন, ‘আমার কোনো সমর্থক বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থীর সঙ্গে সংঘর্ষে যোগ দেননি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার ওসি মো. বিল্লাল উদ্দিন বলেন, গুলির কোনো ঘটনা ঘটেনি। দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে।