বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর আ.লীগের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ও তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় রফিকুলসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এখানে পঞ্চম ধাপে ২৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে গতকাল রাত আটটার দিকে প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণসংযোগ করছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী মাসুদুর রহমানের দুই ভাইয়ের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে রফিকুল, তাঁর ছেলে শাহাদাত হোসেন, বড় ভাই শফিকুল ইসলামসহ ১৫ জন আহত হন। তাঁদের পাঁচজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রফিকুলসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর নির্দেশে তাঁর দুই ভাইসহ দলীয় ক্যাডাররা আমাকেসহ দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে।’
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনার সঙ্গে কারা জড়িত আমার জানা নেই। তবে আমার ভাইয়েরা এতে জড়িত নয়।’
রাত নয়টার দিকে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।