
জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে সিলেটের ছয়টি আসন থেকে বিভিন্ন দলের প্রার্থীদের কে কতটা এগিয়ে রয়েছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
প্রার্থীরা বিভিন্নভাবে মনোনয়নের প্রত্যাশার কথা জানালেও দলীয় সিদ্ধান্তই যে শেষ কথা, তা মাথায় রেখেই তাঁরা তাঁদের কর্মকাণ্ড পরিচালনা করছেন। ২০০৮ সালের নির্বাচনে জেলার ছয়টি আসনের সব কটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১ সেপ্টেম্বর সিলেট-১ (নগর-সদর) আসন থেকে এবারও নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অবশ্যই প্রার্থী হব।’ তাঁর এই কথায় দলে স্বস্তি এলেও অস্বস্তি এখন তাঁর প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন, তা নিয়ে।
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘সিলেট-১ একটি মর্যাদাপূর্ণ আসন। এ আসন ঘিরে প্রতিবারই সবার আকর্ষণ থাকে। তবে প্রার্থিতা নয়, ব্যক্তির চেয়ে দল বড় বিবেচনায় রেখে জননেত্রীর (শেখ হাসিনা) নির্দেশনায় এবার নৌকাকে জয়ী করার সব রকম প্রচেষ্টা আমাদের থাকবে।’ ২০০৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান। তাঁর অনুপস্থিতিতে বিএনপির প্রার্থী কে হবেন, তা নিয়ে দলটিতে চলছে নানা আলোচনা। এ অবস্থায় ১০ সেপ্টেম্বর বিএনপির সিলেট নগরের একটি অংশ দলটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করে।
এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রার্থী হচ্ছেন বলে স্থানীয়ভাবে শোনা যাচ্ছিল। তাঁর পক্ষ থেকে সরাসরি কোনো ঘোষণা না থাকলেও বিগত সিটি করপোরেশন নির্বাচনে তিনি দল-সমর্থিত প্রার্থীর পক্ষে মাঠে থাকায় তাঁকে নিয়ে আলোচনা রয়েছে। মনোনয়নপ্রত্যাশী হিসেবে গণসংযোগ করছেন সাবেক সাংসদ খন্দকার আবদুল মালিকের ছেলে খন্দকার আবদুল মুক্তাদির।
তারেক রহমানকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করা বিএনপির নগর শাখার সহসভাপতি বদরুজ্জামান বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিবেচনায় আমরা এ আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে প্রচারণাও শুরু হয়েছে। এ জন্য একটি নির্বাচনী সংগঠন গঠন করার পরিকল্পনা রয়েছে।’
এই আসনের জন্য জাতীয় পার্টিতেও একক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান দলটির সিলেট বিভাগের সমন্বয়কারী প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান।
সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে বিএনপির সাবেক সাংসদ এম ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল থেকে ‘নিখোঁজ’। এই আসনে বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবারও প্রার্থী হচ্ছেন। তাঁর পাশাপাশি মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় গণসংযোগ চালাচ্ছেন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান।
এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর ও ইলিয়াসের ভাই আসকির আলীর নাম শোনা যাচ্ছে। ইলিয়াস আলীর অনুপস্থিতিকে দলীয় শক্তি হিসেবে কাজে লাগাতে হবে জানিয়ে বিএনপির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার বলেন, ‘বিএনপি একটি বড় দল। প্রচারপিয়াসী অনেক প্রার্থী এখন প্রচারণা চালাচ্ছেন। দলের চূড়ান্ত মনোনয়ন পাবেন এমন নেতারা এখনো সেভাবে প্রচারণায় নামেননি। এ ছাড়া নির্দলীয় সরকার ছাড়া কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা বিএনপির নেই। যদি বিএনপির দাবি পূরণ হয়, তখন প্রার্থিতার সিদ্ধান্ত হবে।’
আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীদের মতে, এ দুটি আসনে বিএনপির প্রার্থিতা চূড়ান্ত করার ওপর পুরো সিলেট বিভাগের অন্যান্য আসনের অবস্থা নির্ভর করছে। সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে সরকারদলীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী এবারও প্রার্থী হচ্ছেন। তবে ১ সেপ্টেম্বর সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক সংবাদ সম্মেলন করে সিলেট-৩ আসনে মনোনয়নপ্রত্যাশার কথা আনুষ্ঠানিক ঘোষণা করেন। বিএনপিদলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী ছাড়াও জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি কাইয়ুম চৌধুরী এ আসনে প্রার্থিতার গণসংযোগ করছেন। নিজ দলের সাংসদ থাকা সত্ত্বেও প্রার্থিতা ঘোষণা প্রসঙ্গে সৈয়দা জেবুন্নেসা হক বলেন, ‘১৯৯১ ও ১৯৯৬-এর নির্বাচনে আমি মনোনয়ন চেয়েছিলাম। নেত্রী (শেখ হাসিনা) আমাকে এই নিয়ে দুইবার সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত করেছেন। এবার নেত্রীর কাছে আমি এই আসনে মনোনয়ন কামনা করছি।’
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ ইমরান আহমদ বিএনপির প্রার্থী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিমকে হারিয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী ইমরান-সেলিম দুজনই এবার প্রার্থী। তবে বিএনপি থেকে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শামসুজ্জামান মনোনয়নপ্রত্যাশায় গণসংযোগ করছেন।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ২০০১ সালে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের ফরিদউদ্দিন চৌধুরী জয়ী হন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত নির্বাচনী মাঠে নেই। আওয়ামী লীগের দলীয় সাংসদ হাফিজ আহমদ মজুমদারের সঙ্গে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবীর মনোনয়নপ্রত্যাশা করছেন। মহাজোটের বাইরে থেকে জাতীয় পার্টি নির্বাচন করলে এ আসনে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ মনোনয়ন চাইবেন বলে জানান।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারও প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হন জামায়াতের জেলা শাখার আমির হাবিবুর রহমান। বিএনপির মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় মাঠে রয়েছেন ২০০১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়া মকবুল হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলার সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী এবং যুক্তরাজ্যপ্রবাসী রশিদ উদ্দিন চৌধুরী।
ফয়সল আহমদ চৌধুরী সিলেটে প্রথম বেসরকারি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একজন উদ্যোক্তা। রাজনৈতিক ও শিল্প উদ্যোক্তার পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি প্রার্থী হতে চান জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘জোটগত নির্বাচনের কারণে ১৯৯১ সালের পর থেকে এ আসনটি ধানের শীষ প্রতীক শূন্য। এবার নির্বাচনে ধানের শীষ প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন এলাকাবাসী। আমি সেই প্রত্যাশা পূরণে মাঠে রয়েছি।’