বিএনপির প্রার্থী চূড়ান্ত, আ.লীগ দোনামনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলার তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে পাঠালেও আওয়ামী লীগ এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। গতকাল শনিবার সকালে জেলা আওয়ামী লীগ জেলা পরিষদ মিলনায়তনে প্রার্থী চূড়ান্ত করার জন্য বসলেও আগামী রোববার পর্যন্ত সময় নিয়েছে। অপরদিকে জাতীয় পার্টি একটিতে প্রার্থী ঘোষণা করেছে।
কুড়িগ্রামে তিনটি পৌরসভা। এগুলো হলো: নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম পৌরসভা। বিএনপি নাগেশ্বরীতে পৌর বিএনপির সভাপতি আদম আলীকে, উলিপুরে তারেক আবু আলা ও কুড়িগ্রামে বর্তমান পৌর মেয়র নুর ইসলাম নুরুকে প্রার্থী ঘোষণা করেছে।
অপরদিকে জেলা আওয়ামী লীগ এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। সবগুলো পৌরসভায় তাদের একাধিক প্রার্থী থাকায় জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে একটু সময় নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে কুড়িগ্রাম পৌরসভায় চারজন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। এঁরা হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক মো. রুহুল আমিন দুলাল ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল।
নাগেশ্বরীতে আওয়ামী লীগের তিনজন প্রার্থী। এঁরা হলেন: সাবেক মেয়র মোহাম্মদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এস এম রওশন আলম। এখানে মোহাম্মদ হোসেন মনোনয়ন পেতে পারেন বলে দলীয় নেতা-কর্মীরা মনে করছেন।
গত ২২ নভেম্বর মোহাম্মদ হোসেন বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। তিনি ২০০২ সালে নাগেশ্বরী পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর বিএনপিতে যোগদান করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগে ছিলাম। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি।’
উলিপুরে আওয়ামী লীগের চারজন মাঠ চষে বেড়াচ্ছেন। প্রার্থীরা হলেন: বর্তমান মেয়র আবদুল হামিদ সরকার, আবু সাঈদ সরকার, আবদুল কুদ্দুস ও সাজাদুর রহমান তালুকদার ওরফে সাজু। সবাই দলের মনোনয়ন পেতে জোর তৎপরতা ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জাতীয় পার্টি নাগেশ্বরী পৌরসভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান মেয়র আবদুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে। কুড়িগ্রাম পৌরসভায় এখন পর্যন্ত তাদের কোনো প্রার্থীর নাম শোন যায়নি। উলিপুরে দুজন প্রার্থী হলেন মফিজুল ইসলাম ও মোজাম্মেল হক।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাগেশ্বরী থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ এবং কুড়িগ্রাম পৌরসভা থেকে আবদুল জলিল নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
জেলা জাতীয় পার্টির সদস্যসচিব রেজাউল করিম রেজা জানান, নাগেশ্বরীতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি দুটি পৌরসভায় অচিরেই প্রার্থী ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত সবাই মেনে নিয়ে মনোনীত প্রার্থীকে সমর্থন দেবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী বলেন, এখনো কাউকে দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়নি। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।