খাগড়াছড়ি সদর পৌরসভায় মো. আবদুল মালেক এবং মাটিরাঙ্গায় মো. বাদশা মিয়াকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। গতকাল সোমবার সরাসরি ভোটে দুজনকে মনোনীত করা হয়। বিএনপির পৌর কমিটি, ওয়ার্ড কমিটি এবং পৌর এলাকায় বসবাসকারী জেলা-উপজেলা কমিটিসহ অঙ্গদলগুলোর দুজন করে প্রতিনিধি দলীয় মেয়র প্রার্থী বাছাইয়ে ভোট দেন।
গতকাল সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত খাগড়াছড়ি এবং বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী বাছাইয়ের এই ভোট নেওয়া হয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ভোটের ফল ঘোষণা করেন।
জেলা বিএনপির আইন-বিষয়ক সম্পাদক এবং মনোনীত প্রার্থী আবদুল মালেক তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খাগড়াছড়ি পৌরসভায় ১৩৮ জন ভোটারের মধ্যে ১২৯ জন ভোট দেন। এর মধ্যে তিনি পেয়েছেন ৭৫টি ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনিমেষ চাকমা পান ৪৪টি ভোট।
অপরদিকে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া জানান, মোট ১০০ জন ভোটারের ৫৬ জন তাঁকে ভোট দিয়েছেন। পক্ষান্তরে বর্তমান মেয়র মো. আবু ইউসুফ চৌধুরীর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৪৪।