চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদের নির্বাচনে গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেও দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে অনেক আগেই। গতকাল চেয়ারম্যান পদে বিএনপি ও ছাত্রদলের তিন নেতা এবং আওয়ামী লীগের দুই নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৩ মার্চ রাউজান উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
রাউজানে প্রার্থী বাছাই নিয়ে বিএনপির মধ্যে লুকোচুরি খেলা চলছে বলে অনেক তৃণমূল নেতা-কর্মী অভিযোগ করেছেন।
গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নুরুল আলম মনোনয়নপত্র দাখিল করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘রাউজানে আমরা এখনো কাউকে সমর্থন দিইনি। আরেকটু সময় নিয়ে আমরা একজনকে সমর্থন দেব।’ উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস কাদের চৌধুরী বলেন, ‘৫ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিএনপির তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখান থেকে আমরা একজনকে সমর্থন দেব, যিনি জিতে আসতে পারেন।’
আওয়ামী লীগে ‘বিদ্রোহী’ প্রার্থী: আওয়ামী লীগ বর্তমান চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরীকে সমর্থন দিয়েছে। তিনি গতকাল রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেন। এহছানুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান গতকাল মনোনয়নপত্র জমা দেন।
মুসলিম উদ্দিন খান বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চেয়ারম্যান পদে নির্বাচন করার দাবিদার কেবল আমি। আওয়ামী লীগ কাউকে মনোনয়ন দিলে আমার সঙ্গে আলাপ করে নিতে পারত। সে রকম কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, আমার জানা নেই। আমি নির্বাচনী মাঠে আছি।’