ঢাকা উত্তর: ওয়ার্ড—২৫ শাহীনবাগ ও নাখালপাড়া
বিএনপির প্রার্থী নিয়ে ধূম্রজাল, সুবিধায় আ.লীগ প্রার্থী
ভোটের বাকি আর মাত্র ছয় দিন। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী কে—এ নিয়ে এখনো রয়েছে ধূম্রজাল। দল-সমর্থিত প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
এখানে বিএনপির যে তিনজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরাও এ বিভ্রান্তির কথা স্বীকার করেছেন। এই তিনজন হলেন বিএনপির ২৫ নম্বর ওয়ার্ড কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজউদ্দিন হায়দার আরজু, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কাজল ও জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি মুনশি ওয়াদুদ।
শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া নিয়ে গঠিত ২৫ নম্বর ওয়ার্ড। গত দুই দিন এই ওয়ার্ড ঘুরে কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে দুজনের পোস্টার, প্রচার, জনসংযোগের আধিক্য দেখা গেছে। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান (প্রতীক ঝুড়ি) ও বিএনপির নেতা মিরাজউদ্দিন হায়দার (প্রতীক মিষ্টি কুমড়া)। উভয় দলের নেতা-কর্মী এবং এলাকাবাসীরও ধারণা, এই দুজনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
তবে বিএনপির একাধিক প্রার্থী থাকায় আওয়ামী লীগের মুজিবুর রহমান কিছুটা সুবিধাজনক অবস্থায় আছেন। তিনি এর আগে ১৭ বছর এখানে কাউন্সিলর ছিলেন। এবারও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
বিএনপির সূত্রগুলো বলছে, ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ ব্যানারে দলের পক্ষ থেকে কাউন্সিলর পদপ্রার্থীদের প্রথম যে তালিকা বের হয়, তাতে ২৫ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী হিসেবে নাম ছিল সাইফুল ইসলামের। কদিন পর তা পাল্টে গীতিকার মুনশি ওয়াদুদকে প্রার্থী ঘোষণা করা হয়। গত সপ্তাহে তা পাল্টে সাইফুলকে আবার প্রার্থী ঘোষণা করা হয়।
সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রথমে আমি মনোনয়ন পাই। পরে গন্ডগোল হয়ে যায়, মুনশি ওয়াদুদকে প্রার্থী ঘোষণা করে। তিনি বিএনপির কোনো পদে নেই। কী করে মনোনয়ন পান? কেন্দ্র থেকে আমাকে বলা হয়েছে, ভুল-বোঝাবুঝি হয়েছে। ফাইনালি আমি সমর্থন পেয়েছি। কিন্তু মানুষ এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে, কে বিএনপির প্রার্থী। তবে আমি লাটিম প্রতীক নিয়ে মাঠে আছি।’
এ বিষয়ে জানতে চাইলে মুনশি ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় বিএনপি রেজ্যুলেশন করে আমাকে প্রার্থী করেছে। পরে কেন্দ্র থেকে সংশোধনী দিয়ে আমাকে প্রার্থী করা হয়।’ পরে আবার পরিবর্তন হয়েছে কি—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাই, ভোটের আর ছয় দিন বাকি, এ সময় এ নিয়ে আমি বিতর্ক করতে চাই না। এটা দলের হাই অথরিটি ভালো জানে। আমি করাত প্রতীক নিয়ে মাঠে আছি।’
এই পরিস্থিতিতে এখানকার নেতা-কর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন বলে জানালেন তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান কবির। তিনি বলেন, ‘আমরা একটা ধূম্রজালের মধ্যে পড়েছি। আমরা তেজগাঁও থানা ও ২৫ নম্বর ওয়ার্ড কমিটির কেউ কিছু জানি না। আমরা স্থানীয় নেতা-কর্মীরা সবাই মিলে আরজুর (মিরাজউদ্দিন হায়দার) মিষ্টি কুমড়া প্রতীকের ভোট করছি।’
এর কারণ জানতে চাইলে হামিদুর রহমান বলেন, মিরাজউদ্দিন হায়দার বুয়েট থেকে পাস করা, অন্য সব প্রার্থীর তুলনায় শিক্ষিত। এই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামসহ দলের আট নেতা-কর্মী একসঙ্গে গুম হওয়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি দলের প্রতিটি কর্মসূচিতে কর্মীদের নিয়ে অংশ নিয়েছেন।
অবশ্য মিরাজউদ্দিন হায়দার দাবি করেন, স্থানীয় নেতা-কর্মীরা সবাই তাঁর সঙ্গে থাকায় দলীয় সমর্থনের বিষয় নিয়ে তিনি চিন্তিত নন। তিনি ব্যস্ত তাঁর মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে মোকাবিলা করা নিয়ে। প্রতিদিন সকাল-সন্ধ্যা প্রচার, জনসংযোগ, পথসভা করছেন। তিনি বলেন, এই ওয়ার্ডে কোনো কমিউনিটি সেন্টার ও বাচ্চাদের খেলার মাঠ নেই। রাস্তাঘাট বেহাল। পানির সমস্যাও রয়েছে। এর সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন সবার কাছে।