নির্বাচনের মাত্র এক দিন বাকি। কিন্তু এখনো ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে (আহাম্মদনগর) বিএনপির প্রার্থী কে তা নিয়ে ধোঁয়াশা দূর হয়নি। সাবেক কমিশনার রুনু আক্তার বলছেন, তিনি দলের সমর্থন পেয়েছেন। অপর প্রার্থী বাবুল আকতারও বলছেন, দলের প্রার্থী তিনি। এ অবস্থায় ধন্দে পড়েছেন ভোটাররা। মো. জাকারিয়া নামের এক ভোটারের মন্তব্য, ‘বিএনপির প্রার্থী নিয়া গোলমাল লাগছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, রুনু আক্তার সাবেক কমিশনার শওকত আলী মিস্টারের স্ত্রী। তিনি বিএনপি বা এর সহযোগী কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন। ২০০১ সালে শওকত আলী মিস্টার খুন হলে তাঁর জায়গায় রুনু আক্তার নির্বাচনে দাঁড়ান এবং বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। সে সময় শওকত আলী মিস্টার ও রুনু আক্তার দম্পতির ঘনিষ্ঠ ছিলেন বাবুল আক্তার।
আহাম্মদনগরের এক চা-দোকানে গতকাল শনিবার কথা হয় ওই এলাকার ছয়-সাতজন ভোটারের সঙ্গে। তাঁরা জানান, শুরু থেকেই তাঁরা ওই এলাকায় বাবুল আকতার কে দৌড়ঝাঁপ করতে দেখছেন। হঠাৎ শুনতে পান দলীয় সমর্থন নিয়ে রুনু আক্তার ভোট চাইছেন। মুসলিম সুইটমিটের স্বত্বাধিকারী আবদুস সালাম জানান, দুই পক্ষের লোকজনই বিএনপির পক্ষ হয়ে ভোট চেয়ে গেছেন।
আসলে বিতর্কের সূত্রপাত বিএনপির সমর্থনকে কেন্দ্র করেই। আদর্শ ঢাকা আন্দোলনের পক্ষ থেকে ১০ এপ্রিল বাবুল আকতার বিএনপির সমর্থন পেয়েছেন বলে জানানো হয়। আবার ১৬ তারিখ জানানো হয়, এ ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী সাবেক কমিশনার রুনু আক্তার।
এ অবস্থায় দলের কে কতটা ঘনিষ্ঠ, তা প্রমাণে দুজনই মরিয়া। রুনু আক্তার দাবি করেন, বাবুল আকতার সারাজীবন আওয়ামী লীগ করেছেন। হঠাৎ বিএনপিতে এসে ভিড়েছেন। আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে হয়রানি করছেন। তিনিই তাঁর বাড়িতে পুলিশ পাঠিয়েছেন। ঝুট-ঝামেলা এড়াতে তিনি (রুনু আক্তার) এখন নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকছেন। বাবুল আকতার ২২ বছর তাঁর বাড়িতে বিনা ভাড়ায় থেকেছেন বলেও দাবি রুনুর।
জানতে চাইলে বাবুল আকতার বলেন, রুনু আক্তারের নামে এক ডজন মামলা আছে। এগুলোর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন এবং আর্থিক জালিয়াতির মামলাও আছে। এগুলোকে কোনোভাবেই তিনি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলতে পারেন না। তিনি (রুনু আক্তার) তিন-চার বছর ধরে এলাকায় থাকছেন না। হঠাৎ পুলিশ উপদ্রব করছে বিষয়টি এমন নয়।
বাবুলের ছেলে শাহরিয়ার ওমর বাবার পক্ষে প্রচার চালাচ্ছেন। তাঁর দাবি, বিএনপির সমর্থন তাঁর বাবাই পেয়েছেন। তাবিথ আউয়াল যখন প্রচারে এসেছেন, তখনো তাঁর বাবা সঙ্গে ছিলেন। মেয়র পদপ্রার্থীর কার্যালয় থেকে ওয়ার্ডে প্রচারের জন্য যে টাকাপয়সা দেওয়া হয়, তা-ও তাঁকে পাঠানো হয়েছে। নির্বাচন-সম্পর্কিত অন্যান্য বিষয়েও দল তাঁর সঙ্গেই যোগাযোগ করছে।
রুনু আক্তারের নির্বাচন পরিচালনা করছেন তাঁর মেয়ে শারফিন আক্তার। তিনি বলেন, বাবুল আক্তারকে সাবেক সাংসদ এস এ খালেক সমর্থন দিচ্ছেন। তিনিই ভোটারদের বিভ্রান্ত করছেন। প্রচারের টাকাও তাঁর হাতে দিয়েছেন। বাবার মৃত্যুর পর তাঁর মাকে ষড়যন্ত্রমূলকভাবে নানা মামলায় জড়ানো হয়েছিল। সেগুলো এখন আর সচল নেই। এ বিষয়ে কথা বলতে এস এ খালেকের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।