বিএনপির প্রার্থী নিয়ে সংকট কাটছে, কেন্দ্রে বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী নিয়ে সংকট আজ সোমবার কাটতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৈঠক হচ্ছে। এতে কেন্দ্রীয়, বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা বিএনপির ১২ নেতা উপস্থিত থাকবেন।
মনোনয়নের প্রক্রিয়ায় যুক্ত বিএনপির কয়েকজন নেতার সঙ্গে গতকাল রোববার কথা বলে বিষয়টি জানা গেছে। তাঁরা বলছেন, এর মধ্য দিয়ে প্রার্থিতা ঘোষণা নিয়ে যে সংকট বা সিদ্ধান্তহীনতা বিরাজ করছিল, তার অবসান ঘটবে। সম্ভাব্য প্রার্থী হিসেবে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেনের নাম শোনা যাচ্ছে।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল উত্তর জেলা বিএনপির সহসভাপতি গাজী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য আব্দুস সোবাহান, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মেজবা উদ্দিন ফরহাদ, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন মিয়াসহ মনোনয়ন বোর্ডের ১৩ জন সদস্য।
গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম খান গত বছরের ১৯ ফেব্রুয়ারি মারা যাওয়ায় পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আওয়ামী লীগ তাদের প্রার্থী হিসেবে মহিলা আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা সৈয়দা মনিরুন নাহারের নাম গত শনিবার কেন্দ্রে পাঠিয়েছে। কিন্তু তফসিল ঘোষণার পর চার দিন অতিবাহিত হলেও প্রার্থী নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে বিএনপি।
বিএনপির মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য প্রথম আলোকে বলেছেন, এই উপনির্বাচনে প্রার্থিতা নিয়ে সংকটে রয়েছে বিএনপি। কারণ, দলের কেন্দ্রীয় নেতারা প্রার্থী নির্বাচনের জন্য একাধিক সাবেক নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু আওয়ামী সরকারের অধীনে অতীত নির্বাচনী অভিজ্ঞতার কারণে বিএনপির জ্যেষ্ঠ ও গ্রহণযোগ্য নেতাদের কেউই প্রার্থী হতে রাজি হচ্ছেন না। তবে আজকের বৈঠকে প্রার্থী নিয়ে সংকট কেটে যাবে বলে তাঁরা মনে করছেন।
তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারে শেষ তারিখ যথাক্রমে ১১ ও ১৮ ফেব্রুয়ারি। ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।