কিশোরগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিঞা। তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী সরকারের দালাল হিসেবে দলের বিরুদ্ধে কাজ করছেন।
ইসরাইল মিঞা গতকাল সোমবার দুপুরে শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। তবে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম দলের বিরুদ্ধে ও সরকারের দালাল হিসেবে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে মো. ইসরাইল মিঞা বলেন, একটি কুচক্রী মহলের মদদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক দলের উচ্চপর্যায়ের নেতাদের ভুল বুঝিয়ে একজন বিতর্কিত নেতাকে দলের মনোনয়ন দিয়েছেন। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলের মনোনীত মেয়র পদপ্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে সরকারের দালাল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৬ থেকে এখন পর্যন্ত দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও বিগত দিনে তিনি আওয়ামী লীগের নির্বাচন করেছেন। তাই দলের মনোনয়ন যদি পরিবর্তন করা না হয়, তাহলে তিনি (ইসরাইল মিঞা) স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃণমূল বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করবেন।
‘বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনসমূহ’ ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা শাখার সদস্যসচিব ক্যাপ্টেন সালাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাঁধন, বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা জাসাসের সভাপতি সন্দীপ রায়, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম আশফাক ও দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বিএনপির সাধারণ কর্মীরা বলেন, সদর পৌরসভায় তুলনামূলকভাবে বিএনপির ভোট বেশি থাকার পরও গত নির্বাচনে মেয়র পদে বিএনপি নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হেরে যায়। এবারও সেই আভাস পাওয়া যাচ্ছে। দলীয় কোন্দলের কারণে বিএনপির দুই নেতা মাজহারুল ও আবু তাহের মিয়ার (বহিষ্কৃত) ভোট ভাগাভাগিতে তাঁদের পরাজয় বহন করতে হয়। কিন্তু এর আগে কিশোরগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার পর ১৯৯৩ ও ২০০৪ সালে আবু তাহের মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এ প্রসঙ্গে মাজহারুল ইসলাম বলেন, ‘গত নির্বাচনে নিজেদের ভুল-বোঝাবুঝি ও দলীয় কোন্দলের কারণে আমাকে হারতে হয়। এবার দল সর্বসম্মতিক্রমে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশা করছি, শেষ পর্যন্ত বিএনপির “বিদ্রোহী” প্রার্থী ইসরাইল মিঞা দলের সিদ্ধান্ত মেনে নেবেন।’