বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মৌন মিছিল
বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি করেছেন পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা।
গতকাল শনিবার সকালে এ দাবিতে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা ও শহরে মৌন মিছিল করেন নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মল্লিক মোহাম্মদ আইউবকে বিএনপি মনোনয়ন দেয়। উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় বিএনপি এ প্রার্থিতা ঘোষণা করে। বিএনপির তৃণমূল নেতারা চারজন প্রার্থীর মধ্য থেকে একমাত্র পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান খানের নাম কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু মো. মনিরুজ্জামান খানকে এ মনোনয়ন দেওয়া হয়নি।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মতিউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভায় চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, প্রায় ২০ বছর ধরে আইউব মল্লিক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। গত কমিটিতে একটি ওয়ার্ডে প্রাথমিক সদস্য হয়েছেন তিনি। প্রাথমিক সদস্য হয়েই তৃণমূলের মতামত উপেক্ষা করে টাকার বিনিময়ে ও প্রভাব খাটিয়ে বিএনপির মনোনয়ন ছিনতাই করেছেন।
তবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মল্লিক মোহাম্মদ আইউব বলেন, ‘এই যে প্রতিবাদ করছেন তাঁরা কজন? তা ছাড়া ম্যাডাম আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি এ মনোনয়ন ও পৌর বিএনপিকে নিয়ে কাজ করছি।’