বিএনপির প্রার্থী ফজলুল হকের মুক্তির দাবি স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলুল হকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তাঁর স্ত্রী সম্পা হক।  প্রথম আলো
ফজলুল হকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তাঁর স্ত্রী সম্পা হক। প্রথম আলো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী সম্পা হক। গতকাল রোববার বিকেলে কালীগঞ্জের বর্তুল গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে সম্পা হক বলেন, বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক নিশ্চিত বিজয়ী হবেন। এ কথা জেনে সরকার তাঁকে পুলিশ দিয়ে হয়রানি ও নির্যাতন করছে। তিনি (ফজলুল হক) সব কটি মামলায় জামিনে ছিলেন। ১৩ ডিসেম্বর বিকেলে বাড়িতে তিনি কর্মিসভা করছিলেন। এতে পাঁচ-ছয় শ নেতা–কর্মী উপস্থিত ছিলেন। হঠাৎ ডিবি–পুলিশ চারদিক থেকে ঘিরে ফিল্মি কায়দায় তাঁকে আটক করে। সে সময় আতঙ্ক ছড়ানোর জন্য ফাঁকা গুলিবর্ষণসহ নেতা–কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। সম্পা হক বলেন, ‘একজন সাবেক সাংসদ এবং বর্তমানে একজন প্রার্থীকে এভাবে তুলে নেওয়ার মাধ্যমে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তাঁকে আটক করে নিয়ে যাওয়ার পর পুলিশকে জামিনের কাগজপত্র দেখিয়েছি। পুলিশ তা আমলে নেয়নি।’
সম্পা হক বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী মনে করছেন ফজলুল হকের বিজয় নিশ্চিত। তাই নির্বাচন থেকে আমাদের সরিয়ে দিতে এসব করা হচ্ছে। ফজলুল হককে ঢাকার রমনা থানার একটি নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অথচ ইসি বলেছিল, আগের কোনো মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে নতুন করে কোনো মামলায় নেতা–কর্মীকে গ্রেপ্তার ও হয়রানি করা যাবে না। ফজলুল হককে গ্রেপ্তারের মাধ্যমে ইসির এই নির্দেশ অমান্য করেছে পুলিশ।’ তিনি অবিলম্বে ফজলুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি নিজের এবং নেতা–কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ হামলা–মামলা বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি হুমায়ূন কবীর মাস্টার, মনিরুজ্জামান খান, বিএনপি নেতা ফজলুল হক নয়ন, ফরিদ আহমেদ মৃধা, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কবীর, হারুন অর রশীদ, জয়নাল আবেদীন ও নাজমা বেগম উপস্থিত ছিলেন।